ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীকে কটূক্তির অভিযোগে যুবককে আদালতে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক :

গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে কটূক্তি করার অভিযোগে এসএম মিজানুর রহমান (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তাঁকে আদালতে হাজির করা হয়। গতকাল শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ।

অভিযুক্ত মিজানুর রহমান উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ গ্রামের মো. তোফাজ্জল হোসেনের ছেলে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে সালাহউদ্দিন আহমেদকে নিয়ে আপত্তিকর পোস্ট করেছেন। পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বিকৃত ছবি ও আপত্তিকর ক্যাপশন দেওয়া হয়েছে।

এ ঘটনার পর গত বৃহস্পতিবার রাতে শোভাগঞ্জ বাজারে তাঁকে দেখতে পেয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে খবর দেন। সুন্দরগঞ্জ থানা পুলিশ সেখানে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

সুন্দরগঞ্জ থানার ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই যুবককে আটক করা হয়েছে। থানায় মামলা হয়নি। তবে তদন্ত শেষে অভিযুক্ত যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে আদালত সিদ্ধান্ত নেবেন।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *