নিজস্ব প্রতিবেদক:
দিনাজপুরের পার্বতীপুরে আত্মীয়ের বাড়িতে একটি বিয়ের দাওয়াত খেতে গিয়েছিলেন সোহেলী ইসলাম (৪২)। সেখান থেকে ঢাকার ধানমন্ডির বাসায় ফেরার পথে মোটরসাইকেলে করে আসা হেলমেট পরা দুই ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। মোটরসাইকেলের পেছনে বসা ছিনতাইকারী সোহেলির হাতে প্যাঁচানো ভ্যানিটি ব্যাগ ধরে টানাহেঁচড়া শুরু করে। একপর্যায়ে চলন্ত রিকশা থেকে পড়ে যান সোহেলি। এতে তার মাথায় আঘাত পেলে কান দিয়ে রক্তপড়া শুরু হয়। তার সঙ্গে থাকা মেয়ের চিৎকারে স্থানীয়রা সোহেলিকে হাসপাতালে ভর্তি করেন।
চারদিন পর বৃহস্পতিবার সকালে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে তার মরদেহ পাবনার ঈশ্বরদী উপজেলার পশ্চিম টেংরিপাড়া এলাকায় নানাবাড়িতে নেওয়া হয়। বৃহস্পতিবার বিকেলে সেখানে তার দাফন হয়।
গত রোববার সকাল সোয়া ৬টায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের গেট অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।
সোহেলীর ফুপাতো ভাই সরওয়ার পারভেজ সবুজ জানান, বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সোহেলি ও তার মেয়ে সোমাইয়া আলম তার বাড়িতে এসেছিলেন। রোববার ঢাকার বাসায় ফেরার সময় সোহেলি ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে আহত হন তিনি। চারদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় তার।