আন্তর্জাতিক ডেক্স :
টানা পঞ্চম বছরে পদার্পণ করা ইউক্রেন যুদ্ধ থামানোর লক্ষ্যে এক অভূতপূর্ব চাল চেলেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি লিখে মুখোমুখি শান্তি বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন তিনি। কিন্তু গত শুক্রবার সেন্ট পিটার্সবার্গে আয়োজিত বার্ষিক অর্থনৈতিক ফোরামে সেই প্রস্তাবকে এক তুড়িতে উড়িয়ে দিলেন পুতিন। ক্রেমলিন প্রধান সাফ জানিয়ে দিয়েছেন, ইউক্রেনীয় প্রেসিডেন্টের এই চিঠির পেছনে শান্তির কোনো আন্তরিক ইচ্ছা নেই, বরং এটি সস্তা প্রচারণামূলক স্টান্ট ছাড়া আর কিছুই নয়।
আমেরিকাসহ বিশ্বের প্রভাবশালী দেশগুলোর কাছে পাঠানো ওই খোলা চিঠিতে জেলেনস্কি দাবি করেছিলেন, টানা কয়েক বছরের যুদ্ধ, ইউক্রেনের অনবরত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আকাশচুম্বী মুদ্রাস্ফীতি আর তীব্র জ্বালানি সংকটে রাশিয়ার সাধারণ মানুষ এখন ক্লান্ত এবং তারা শান্তি চায়। শুধু তাই নয়, পুতিনকে পরোক্ষ হুমকি দিয়ে জেলেনস্কি চিঠিতে লেখেন, এই যুদ্ধ দীর্ঘায়িত হলে স্বয়ং পুতিনের নিজের ক্ষমতাও হুমকিতে পড়তে পারে; কারণ ইতিহাস বলে, রাশিয়া যখন ক্লান্ত হয়, তখন সেখানে বড় ধরণের শাসন পরিবর্তন আসে।