ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াবে শিক্ষাব্যবস্থা: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :দেড় দশকের ফ্যাসিবাদী শাসনামলে দেশের অন্য প্রতিষ্ঠানের মতো শিক্ষাব্যবস্থাকেও সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে সেই ধ্বংসস্তূপ থেকে গণতান্ত্রিক বাংলাদেশে এবার শিক্ষাব্যবস্থা ঘুরে দাঁড়াবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

রোববার (৭ জুন) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে দক্ষতাভিত্তিক শিক্ষার অন্তর্ভুক্তকরণ’ শীর্ষক জাতীয় প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে একটি জ্ঞানভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে হবে, নইলে আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে। চলমান প্রযুক্তিগত বিপ্লব ও চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতাভিত্তিক এবং বাস্তবতা নির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই।

এই লক্ষ্যকে সামনে রেখে সরকার ইতিমধ্যে প্রাথমিক থেকে শুরু করে সর্বস্তরের শিক্ষাক্রমকে বাস্তবভিত্তিক ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার কাজ হাতে নিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, উচ্চশিক্ষাকে আরও প্রযুক্তিনির্ভর করা এখন সময়ের দাবি।

তরুণ প্রজন্মকে কেবল ডিগ্রিসর্বস্ব শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে, আন্তর্জাতিক মানের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর জোর দেন তিনি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে এই সময়োপযোগী সংস্কারের উদ্যোগকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানে উপস্থিত শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে দেশের উচ্চশিক্ষা স্তরে গুণগত পরিবর্তন আসবে।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের বিভিন্ন কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *