জামায়াতের বিবৃতি সরকার চরম নিষ্ঠুর খেলায় মেতেছে

নিজস্ব প্রতিবেদক :

বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তকে গণবিরোধী আখ্যা দিয়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। বর্ধিত দাম প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে দলটি আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগরে বিক্ষোভের ডাক দিয়েছে।

গতকাল বুধবার বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন,  এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) তাড়াহুড়া করে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ এবং পাইকারি পর্যায়ে ১৯ দশমিক ৮৫ শতাংশ বৃদ্ধির যে সিদ্ধান্ত নিয়েছে তা গণবিরোধী।

বিবৃতিতে বলা হয়েছে, সরকার সাধারণ মানুষের পকেট কাটার  চরম নিষ্ঠুর খেলায় মেতে উঠেছে। আসন্ন বাজেটকে সামনে রেখে তড়িঘড়ি করে বিদ্যুতের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করা সাধারণ মানুষের ওপর বড় ধরনের জুলুম। এমনিতেই সব নিত্যপণ্যের  দামের ঊর্ধ্বগতিতে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তার ওপর বিদ্যুতের এই মূল্যবৃদ্ধি মড়ার উপর খাঁড়ার ঘা।
গোলাম পরওয়ার বলেন, বিদ্যুতের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিল্প ও কৃষি উৎপাদন খরচ ব্যাপক বৃদ্ধি পাবে। কলকারখানা, ব্যবসা-বাণিজ্য ও কৃষি খাতে স্থবিরতা নেমে আসবে। চাল, ডাল, তেলসহ সব নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আরও বাড়বে। এতে সাধারণ মানুষের  জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠবে।
বিদ্যুৎ খাতের সীমাহীন দুর্নীতি, অপচয় এবং ক্যাপাসিটি চার্জের নামে জনগণের হাজার হাজার কোটি টাকা লুটের খেসারত দিতেই বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে বলে অভিযোগ করে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেছেন, জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা থাকলে এমন অমানবিক সিদ্ধান্ত সম্ভব হতো না।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *