বিনোদন ডেক্স :শিল্পীজীবনে অনেক পুরস্কার, সম্মাননা ও দর্শকের ভালোবাসা পেয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তবে গতকাল মঙ্গলবার পাওয়া একটি বিশেষ সম্মান তাঁকে রীতিমতো বিস্মিত ও আবেগাপ্লুত করেছে। ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে প্রতীকী ‘সোনার কলস’ উপহার পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি। সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে সেই অভিজ্ঞতার কথা বিস্তারিত তুলে ধরেন অভিনেত্রী।ফেসবুক পোস্টের শুরুতেই অপু বিশ্বাস লেখেন, শিল্পী মানেই ভালোবাসা ও সম্মানের কাঙাল। জীবনে কখনো অর্থবিত্তকে বড় করে দেখেননি; বরং মানুষের ভালোবাসাকেই সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে মনে করেছেন। দেশের মানুষ থেকে শুরু করে দেশের বাইরে থাকা বাংলাভাষী দর্শকদের ভালোবাসা ও আশীর্বাদেই তাঁর আজকের অবস্থান বলে উল্লেখ করেন তিনি। তবে ভালোবাসার স্মারক হিসেবে একদিন সোনার কলস উপহার পাবেন, এমনটা কখনো কল্পনাও করেননি।অপু বিশ্বাস ফেসবুক পোস্টে লিখেছেন, গতকাল বিকেলে জিমে থাকা অবস্থায় সাংবাদিক আবদুর রহমানের ফোন পান। তাঁকে দ্রুত চ্যানেল আই কার্যালয়ে যেতে বলা হয়। কী কারণে ডাকা হয়েছে, সে বিষয়ে কিছুই জানতেন না তিনি। পরে বাসায় ফিরে দ্রুত প্রস্তুতি নিয়ে বসুন্ধরার বাসা থেকে তেজগাঁওয়ে চ্যানেল আই কার্যালয়ে পৌঁছান। সেখানে গিয়ে তিনি যেন ভিন্ন এক পরিবেশের মুখোমুখি হন।