নিজস্ব প্রতিবেদক:
নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের চুঁচুয়া শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ব্যাংকের বারান্দার একটি কক্ষে রাখা দুটি মোটরসাইকেল ও কিছু কাগজপত্র পুড়ে গেছে।
মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।
গ্রামীণ ব্যাংকের চুঁচুয়া শাখার ব্যবস্থাপক মঞ্জু আহমেদ বলেন, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। ঘটনার সময় ব্যাংকের নিয়মিত নিরাপত্তাকর্মী আব্দুর রহমান ছুটিতে ছিলেন। তার পরিবর্তে দায়িত্বে থাকা ব্যক্তি আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে খবর দেন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের আজ বেলা ১১টার দিকে মোবাইল ফোনে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলের পাশ থেকে সেভেন আপের কয়েকটি খালি বোতল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ওই বোতলে পেট্রল এনে ঢেলে আগুন ধরিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।