বিয়ের আগের দিন বরের মৃত্যু, মুহূর্তেই আনন্দ রূপ নিল বিষাদে

নিজস্ব প্রতিবেদক:

আজ গায়েহলুদ রাত পোহালেই বিয়ে। বর বরণে কনের বাড়িতে আলোকসজ্জায় সজ্জিত গেট, সাজানো হয়েছে বাড়িঘর। বরের বাড়িজুড়েও বিয়ের আনন্দ আর সাজ সাজ রব। সেই আনন্দ মুহূর্তেই রূপ নিল বিষন্নতায়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় কনের বাড়িতে খবর এলো পৃথিবী থেকে বিদায় নিয়েছে বর আরিফ শাহরিয়ার সৌমিক (২১)। মুহূর্তেই ম্লান হয়ে যায় আনন্দ। কনের বাড়ির পাশাপাশি গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানি পাড়ায় বরের বাড়িতে শোকে স্তব্ধ হয় স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীরা।নিহত সৌমিক গাইবান্ধা পৌর এলাকার ডেভিড কোম্পানিপাড়ার সুলতান মিয়ার ছেলে। তিনি ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী ছিলেন।সৌমিকের বড় বোন শারমিন সুলতানা বলেন, সৌমিক ঢাকা থেকে এক মাস আগে বাড়িতে আসেন। গত চার দিন ধরে তিনি জ্বরে আক্রান্ত। শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালের বিপরীতে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান স্বজনরা। সেখানে দীর্ঘক্ষণ বসে থাকার পর দুপুর ১টার দিকে ডা. মনির হোসেন মুরাদ ব্যবস্থাপত্র লিখে দেন।

ওষুধপত্র কিনে সৌমিককে বাড়ি নিয়ে যান স্বজনরা। পরে বিকালে সৌমিক আরও বেশি অসুস্থ হয়ে পড়লে সাড়ে  ৫টার দিকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।

শারমিনের অভিযোগ, জরুরি বিভাগের সামনে প্রায় এক ঘণ্টা রিকশায় বসে ছিলেন সৌমিক। পরে চিকিৎসক সৌমিককে মৃত ঘোষণা করেন।

তবে ডেঙ্গু আক্রান্ত হয়ে সৌমিকের মৃত্যু হয়েছে কিনা-,তা জানাতে পারেনি তার পরিবার।তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক। যে বাড়িতে বিয়েকে ঘিরে আনন্দ-উৎসবের প্রস্তুতি চলছিল, সেখানে এখন শোক আর স্বজনদের আহাজারি।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *