পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ পরিদর্শনে প্রতিমন্ত্রী, আধুনিকায়নে জোর

নিজস্ব প্রতিবেদক:

যাত্রীসেবার মানোন্নয়ন, নিরাপদ নৌ-যোগাযোগ নিশ্চিতকরণ ও পরিবেশবান্ধব নৌপরিবহণ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এবং আরিচা-পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ পরিদর্শন করেছেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে তিনি পাটুরিয়া ঘাটের বিভিন্ন স্থাপনা ও ফেরি চলাচলের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় ঘাটের সার্বিক ব্যবস্থাপনা, যাত্রীসেবার মান এবং নৌপথের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি।

পরিদর্শনকালে মো. রাজিব আহসান যাত্রীসাধারণের নিরাপদ, ভোগান্তিহীন ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নৌপথের আধুনিকায়ন, পরিবেশবান্ধব যাত্রীসেবা চালু রাখা এবং সংশ্লিষ্ট ঘাটগুলোর কার্যক্রম আরও উন্নত করতে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী পাটুরিয়ার আধুনিক ওয়াটার বাসঘাট এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ১, ২, ৩ ও ৪নং ফেরিঘাটের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। যাত্রীদের দুর্ভোগ কমানো, নৌযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে ঘাট পরিচালনার ওপর জোর দেন তিনি।

পরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের একটি কেবিন ক্রুজারে করে আরিচা, পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটসহ সংশ্লিষ্ট নৌপথের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন প্রতিমন্ত্রী।

পরিদর্শন শেষে যাত্রীসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা এবং নৌপথের অবকাঠামো ও সেবাব্যবস্থার আধুনিকায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন তিনি।

এ সময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান, নৌপরিবহণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মহিদুল ইসলাম, বিআইডব্লিউটিসির জেনারেল ম্যানেজার (মেরিন) বাপ্পি কুমার অধিকারী, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা রানী কর্মকারসহ সংশ্লিষ্ট ঘাটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *