নিজস্ব প্রতিবেদক:
সাভারে দেশীয় মদসহ এক চীনা নাগরিক ও এক বাংলাদেশি নারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে সাভারের হেমায়েতপুরের পূর্বহাটি এলাকার মীন টাওয়ার থেকে তাদের গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, হেমায়েতপুরের পূর্বহাটি এলাকার মীন টাওয়ারে একটি অভিযোগের তদন্তে যায় সাভার মডেল থানা পুলিশের একটি দল। সেখানে গিয়ে একটি ফ্ল্যাটে দেশীয় মদ তৈরির কারখানার সন্ধান মেলে। পরে সেখানে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ১৩ বালতি মদ ও মদ তৈরির সরঞ্জামসহ চীনা নাগরিক ফিলি লিহান (৫৪) এবং বাংলাদেশি নাগরিক চম্পা দাসকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তারা দেশীয় মদ তৈরি ও বিক্রি করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।
তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি সাইফুল আলম।
তিনি বলেন, চম্পা দাসের বাসায় মদ তৈরির সময় ওই চীনা নাগরিকসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। চম্পা দাস গত আড়াই বছর ধরে ওই বাসায় মদ তৈরির কাজ করে আসছিলেন। ঘটনাস্থল থেকে মদ তৈরির বেশ কিছু সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।