ময়মনসিংহ সীমান্তে বিজিবির গুলিতে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকায় বিজিবির গুলিতে নোমান মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে উপজেলার তেলিখালী বিওপির আওতাধীন ঝলঝলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবির দাবি, চোরাচালানবিরোধী অভিযানের সময় সংঘবদ্ধ চোরাকারবারিদের হামলার পর আত্মরক্ষার্থে গুলি চালালে নোমান গুলিবিদ্ধ হন। তবে নিহতের পরিবারের অভিযোগ, তর্কবিতর্কের একপর্যায়ে তাকে গুলি করা হয়েছে।

নিহত নোমান মিয়া উপজেলার ১ নম্বর ভূবনকুড়া ইউনিয়নের বেতকুড়ী গ্রামের আলাল উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় বাঘাইতলা বাজারের ইজারাদার ছিলেন।

নিহতের ছোট ভাই আবু রাইহান অভিযোগ করেন, রাতে এলাকায় বিজিবি সদস্যরা গরু খুঁজছিলেন। এ সময় ফোন পেয়ে তার ভাই ঝলঝলিয়া গ্রামে যান। সেখানে বাঘাইতলা বাজারের ইজারাসংক্রান্ত কাগজপত্র নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে তাকে গুলি করা হয়।

আবু রাইহানের আরও অভিযোগ, ভোর সাড়ে চারটার দিকে গুলির ঘটনা ঘটলেও তার ভাইকে প্রায় তিন ঘণ্টা ঘটনাস্থলে আটকে রাখা হয়। এ সময় তাকে হাসপাতালে নিতে দেওয়া হয়নি এবং কাউকে কাছে যেতে দেওয়া হয়নি।

পরিবারের দাবি, সকাল সাতটার পর নোমানকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। সময়মতো চিকিৎসার ব্যবস্থা করা হলে তাকে বাঁচানো সম্ভব হতে পারত বলে মনে করছেন পরিবারের সদস্যরা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর পৌনে ছয়টার দিকে বিজিবির একটি টহলদল ঝলঝলিয়া এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় চোরাচালানের পণ্য জব্দ করা হয়। জব্দ করা পণ্য নিয়ে ফেরার পথে সংঘবদ্ধ চোরাকারবারিরা টহলদলের ওপর অতর্কিত হামলা চালায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে বিজিবি সদস্যরা মৌখিকভাবে সতর্ক করেন এবং সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়েন। কিন্তু হামলাকারীরা সতর্কবার্তা উপেক্ষা করে আবারও হামলা চালালে বিজিবির এক সদস্য আহত হন। পরে নিজেদের জীবন ও সরকারি সম্পদ রক্ষায় আত্মরক্ষার্থে গুলি চালানো হলে নোমান মিয়া গুলিবিদ্ধ হন।

বিজিবি আরও জানায়, গুলিবিদ্ধ রুমানকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সরকারি কাজে বাধা দেওয়া ও হামলার অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় উদ্বেগ ও উত্তেজনা দেখা দেয়। সঠিক বিচারের দাবিতে স্থানীয় লোকজন হালুয়াঘাটে সড়ক অবরোধ করেন।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘বিজিবির গুলিতে একজন মারা গেছেন। তবে আসলে কীভাবে কী হয়েছে, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।’

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *