মেঘনায় অভিযানে ১০ জেলে আটক, মা ইলিশ গেল মাদ্রাসা-এতিমখানায়

নিজস্ব  প্রতিবেদক:

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মা ইলিশ শিকারের অভিযোগে ১০ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় ৩ হাজার মিটার কারেন্ট জাল, দুটি মাছ ধরার নৌকা ও ৪০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। মাছগুলো স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

শনিবার দিবাগত রাতে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি ও মতলব উত্তর উপজেলা মৎস্য বিভাগের যৌথ অভিযানে এসব জাল, নৌকা ও মাছ জব্দসহ জেলেদের আটক করা হয়।রোববার দুপুরে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে।

তিনি জানান, মা ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে মেঘনা নদীতে যৌথ অভিযান চালানো হয়। এ সময় অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে মা ইলিশ শিকারের অভিযোগে ১০ জেলেকে আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৩ হাজার মিটার কারেন্ট জাল, দুটি মাছ ধরার নৌকা ও ৪০ কেজি ইলিশ জব্দ করা হয়।

পরে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত সাত জেলেকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে ২ হাজার টাকা অর্থদণ্ড দেন। বাকি দুই অপ্রাপ্তবয়স্ক জেলেকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন—রাসেল মৃধা, জীবন সরকার, মো. ইমরান, মো. লোকমান, জুয়েল, কাজল ও আবু সাঈদ। তাদের বাড়ি মতলব উত্তর উপজেলার মোহনপুর, পাচানিসহ আশপাশের এলাকায়।

সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে আরও জানান, কারাদণ্ডপ্রাপ্ত জেলেদের চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। জব্দ করা কারেন্ট জাল উন্মুক্ত স্থানে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ইলিশ মাছ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *