পটিয়ায় কৃষকের গোয়ালঘরে চোরের হানা, এক রাতেই চুরি তিন গরু

​সায়েম মাহমুদ, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
পটিয়া উপজেলায় এক ভোররাতেই কৃষকের তিনটি গরু চুরি হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার ভোররাত আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে উপজেলার ধলঘাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আলামপুর গ্রামের যোগেশ ডাক্তার বাড়ির কৃষক বিটু দের গোয়ালঘরের তালা ভেঙে এ চুরির ঘটনা ঘটে।

​জানা যায়, চুরি যাওয়া গরুগুলোর মধ্যে একটি কালো রঙের বাছুর, একটি লাল রঙের পাঁচ মাসের অন্তর্বাস গাভী এবং একটি দুধের গাভী রয়েছে। চুরি হওয়া তিনটির আনুমানিক বাজারমূল্য প্রায় চার লাখ টাকা।

​গরু হারিয়ে কান্নায় ভেঙে পড়েন বিটু দের স্ত্রী কুমকুম দে। বিলাপ করতে করতে তিনি বলেন, “আমার জন্য একটা গরুও রাখল না চোরেরা। তিনটা গরুই নিয়ে গেল। আমি নিঃস্ব হয়ে গেলাম। এই গরু লালন-পালন করেই আমাদের সংসার চলত। আমি আমার গরুগুলো ফেরত চাই।”

​বিটু দের ছেলে জানান, বাড়ির কাছেই গোয়ালঘরটি অবস্থিত। রাত তিনটা পর্যন্ত তিনি জেগেই ছিলেন। কিন্তু ভোর সাড়ে চারটার দিকে তার বাবা গোয়ালঘরে গিয়ে দেখেন দরজার তালা ভাঙা এবং ভেতরের সবকটি গরু নিখোঁজ। ​
এ ঘটনায় স্থানীয় অধিবাসীদের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রতিবেশী রিনা দে ও অরুন দে জানান, আগের দিন বিকেলেও গরুগুলোকে মাঠে চড়তে দেখা গেছে। এভাবে দুর্ধর্ষ চুরি হতে থাকলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়—তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত গরুগুলো উদ্ধার ও প্রশাসনের কার্যকর সহযোগিতা দাবি করেন তারা।

​পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, পুলিশ স্থানীয় সূত্রে গরু চুরির সংবাদটি জানতে পেরেছে। তবে কৃষক পরিবারট লিখিত করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *