ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে বাংলাদেশের বিজয়

নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের ঝুলিতে যুক্ত হলো আরেক বড় কূটনৈতিক বিজয়। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) শক্তিশালী আন্তর্জাতিক জোট ‘এশিয়া-প্যাসিফিক গ্রুপ’ (এপিজি)-এর চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সোমবার (৫ অক্টোবর) তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত আইপিইউ’র ১৫৩তম অ্যাসেম্বলিতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তিনি বিদায়ী চেয়ারম্যান ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে এই আন্তর্জাতিক নেতৃত্বের দায়িত্ব বুঝে নেন। তানজানিয়া সফররত জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া প্রেস তথ্যবিবরণীতে এই নতুন অর্জনের তথ্য জানান।  এশিয়া-প্যাসিফিক গ্রুপে ৩৭টি দেশ সদস্য হিসেবে রয়েছে। এই দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও জোরালো হবে বলে আশা করা হচ্ছে।

আইপিইউ নির্বাহী কমিটিতেও বাংলাদেশের জয়

একই দিনে তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত আইপিইউ’র এশিয়া-প্যাসিফিক গ্রুপের অভ্যন্তরীণ নির্বাচনে নির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী। ভোটাভুটিতে তিনি মঙ্গোলিয়ার প্রার্থীকে পরাজিত করেন। এশিয়া-প্যাসিফিক গ্রুপের সদস্যদেশের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই নির্বাচনে জহরত আদিব চৌধুরীর বিজয় আন্তর্জাতিক সংসদীয় পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে।

নিজের বিজয়ের পর প্রতিক্রিয়া জানিয়ে জহরত আদিব চৌধুরী বলেন, আইপিইউ’র নির্বাহী কমিটিতে প্রতিনিধিত্ব করার জন্য এশিয়া-প্যাসিফিক গ্রুপ কর্তৃক আমাকে নির্বাচিত করা হয়েছে। মঙ্গোলিয়ার প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে আমি মোট ১৯টি ভোটের মধ্যে ১১টি ভোট পেয়েছি। আগামী ৯ অক্টোবর আনুষ্ঠানিক অনুমোদনের জন্য বিষয়টি গভর্নিং কাউন্সিলের সামনে উপস্থাপন করা হবে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *