নিজস্ব প্রতিবেদক:
বস্ত্র অধিদপ্তর থেকে গার্মেন্টস ও বাইং হাউজের বস্ত্র নিবন্ধন সার্টিফিকেট নিতে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, পরিদর্শনের নামে ঘুষ না দিলে আবেদনকারী প্রতিষ্ঠানকে নানা ধরনের হয়রানির মুখে পড়তে হয়।
বস্ত্র অধিদপ্তরের ইন্সপেক্টর প্রীতমের বিরুদ্ধে সম্প্রতি একটি ভিডিওচিত্রে এস এস এস সোর্সিং লিমিটেড গার্মেন্টস লিমিটেড-এর এক প্রতিনিধির সঙ্গে কথিত ঘুষ লেনদেনের দৃশ্য দেখা গেছে বলে দাবি করা হয়েছে।
অভিযোগ রয়েছে, নারায়ণগঞ্জে এর আগেও কয়েকটি প্রতিষ্ঠানের বস্ত্র নিবন্ধন সংক্রান্ত কাজের ক্ষেত্রে ইন্সপেক্টর প্রীতমের বিরুদ্ধে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
বস্ত্র নিবন্ধনের আবেদনকারী গার্মেন্টস মালিক সুজন অভিযোগ করে বলেন, নিবন্ধন না থাকায় তারা ক্রেতাদের কাছে কোটি কোটি টাকার পণ্য পাঠাতে পারছেন না। ব্যবসায় বড় ধরনের ক্ষতির আশঙ্কায় বাধ্য হয়ে তার একজন প্রতিনিধির মাধ্যমে প্রীতমকে মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
সুজনের ভাষায়, “বস্ত্র নিবন্ধন না থাকায় কোটি কোটি টাকার মাল বায়ারদের কাছে পাঠাতে পারি না। বড় ধরনের লোকসানের আশঙ্কায় বাধ্য হয়ে ঘুষ দিতে হয়েছে।”
অভিযোগকারীদের দাবি, বস্ত্র নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ সরকারি সেবা পেতে যদি ঘুষ দিতে হয়, তাহলে বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।