অনিয়মের অভিযোগে ওএসডি, মাস না পেরোতেই ফের বান্দরবানে সিভিল সার্জন শাহীন

নিজস্ব প্রতিবেদনে :

এক কোটি টাকার ওষুধ কিনে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ থেকে চার কোটি টাকার বিল উত্তোলনের অভিযোগে বান্দরবান পার্বত্য জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরীকে গত ২০ আগস্ট ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকায় পদায়ন করা হয়।

কিন্তু কোনো এক অদৃশ্য কারণে এই সিভিল সার্জনকে আবারও স্বপদে বহাল করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ২৭ সেপ্টেম্বর জারি করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি হিসেবে থাকা ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরীকে পুনরায় বান্দরবান পার্বত্য জেলার সিভিল সার্জনের চলতি দায়িত্বে পদায়ন করা হয়েছে এবং ২৯ সেপ্টেম্বরের মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এক কোটি টাকার ওষুধ কিনে চার কোটি টাকা উত্তোলন, টেন্ডারে অনিয়ম এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের সূত্র ধরে ২০ আগস্ট জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে বান্দরবানের সিভিল সার্জনের চলতি দায়িত্ব থেকে ঢাকার মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি করা হয়েছিল।

এদিকে, বদলির আদেশ প্রত্যাহারের মতো এই সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয় সচেতন মহলের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বান্দরবানের বেশ কয়েকজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি জানান, এক কোটি টাকার ওষুধ চার কোটি টাকায় কেনাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে সিভিল সার্জন শাহীনের বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে তাঁকে ওএসডি করায় সাধারণ মানুষ আশার আলো দেখলেও, এক মাসের মাথায় আবারও একই পদে ফিরিয়ে আনাটা রহস্যজনক।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *