বিয়ের ৩ মাসেই কিশোরী গৃহবধূর মৃত্যু, লাশ রেখে পালালেন স্বামী-শাশুড়ি

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুরের ভাঙ্গায় বিয়ের তিন মাসের মধ্যে লামিয়া ইসলাম (১৪) নামে এক কিশোরী অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরে হাসপাতালে তার লাশ রেখে স্বামী ও শাশুড়ি পালিয়ে গেছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার পুলিশ লামিয়ার লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠিয়েছে।লামিয়া ইসলাম ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মহেশ্বরদী সাহাপাড়া গ্রামের লিঠু মাতুব্বরের মেয়ে এবং কাপুড়িয়া সদরদী গ্রামের রনি শেখের স্ত্রী। তিনি মুনসুরাবাদ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে রনি শেখের সঙ্গে পালিয়ে বিয়ে করেন লামিয়া। বিয়ের পর তারা আত্মগোপনে ছিলেন। প্রায় সাত দিন আগে লামিয়ার পরিবারের সদস্যরা তাদের খুঁজে পান। এরপর থেকে লামিয়া ও রনি তার বাড়িতে বসবাস করছিলেন।

রোববার রাতে রনির মা লামিয়ার নানাকে ফোন করে জানান, তার নাতনি মারা গেছে। পরে লামিয়ার নানা হাসপাতালে গিয়ে তার লাশ দেখতে পান। এ সময় হাসপাতালে লাশ রেখে রনি ও তার মা পালিয়ে যান বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

ভাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, সংবাদ পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। পরে হাসপাতাল থেকে লামিয়া ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত্যুটি রহস্যজনক। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *