নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর যাত্রাবাড়ী এলাকার কাজলায় রেন্ট-এ-কার ব্যবসার আড়ালে দেশজুড়ে মাদকের এক বিশাল সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ উঠেছে মনির হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী চক্রের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ব্যবহার করে মনির দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসা চালিয়ে আসছিল। তবে সরকার পরিবর্তনের পর গ্রেপ্তার এড়াতে এবং আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে মনির এখন কৌশল পরিবর্তন করে নারীদের ব্যবহার করে পুরো রাজধানীতে মাদক সরবরাহ করছে। স্থানীয়দের অভিযোগ, কাজলা এলাকায় মনিরের একটি রেন্ট-এ-কার ব্যবসার শোরুম রয়েছে। আপাতদৃষ্টিতে এটিকে সাধারণ ব্যবসা মনে হলেও, মূলত এর আড়ালেই চলে মাদকের লেনদেন। মনিরের রেন্ট-এ-কারের গাড়িগুলো ব্যবহার করে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদকের বড় বড় চালান ঢাকায় নিয়ে আসা হয়। রাজনৈতিক পটপরিবর্তনের পর মনির নিজে প্রকাশ্য
দিবালোকে আসা বন্ধ করে দিলেও, পর্দার আড়াল থেকে পুরো সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে। পুলিশের তল্লাশি ও সন্দেহ এড়াতে সে এখন রাজধানীজুড়ে মাদক পরিবহনে একদল তরুণী ও নারীকে ঢাল হিসেবে ব্যবহার করছে বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, মনিরের এই মাদক সাম্রাজ্যের কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে। সরকার পরিবর্তনের পরও তার এই অবৈধ ব্যবসা বন্ধ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
এই বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানার একজন দায়িত্বশীল কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মাদকের যেকোনো সিন্ডিকেটের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। রেন্ট-এ-কার ব্যবসার আড়ালে মাদকের এই অভিযোগটি খতিয়ে দেখে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।