নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

বিনোদন ডেক্স :

নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব মারা গেছেন। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার ভোর ৫টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৪০ বছর। তার মৃত্যুর খবরে শোক জানিয়েছেন সহকর্মী ও অভিনয়শিল্পীরা।

নির্মাতা আশিকুর রহমান জানান, হৃদ্‌যন্ত্রের সমস্যায় ভুগছিলেন সজীব। কিছুদিন আগেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি।

মঙ্গলবার সকালে এক শোকবার্তায় নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ জানায়, ‘ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের সম্মানিত সদস্য মারুফ হোসেন সজীব আজ ভোর ৫টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সংগঠনের পক্ষ থেকে সম্মানিত সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি ও পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

শোকবার্তায় আরও জানানো হয়, মঙ্গলবার বাদ জোহর উত্তরা ১২ নম্বর সেক্টর মসজিদে মারুফ হোসেন সজীবের জানাজা অনুষ্ঠিত হয়। পরে ১২ নম্বর কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘মারুফ হোসেন সজীব ভাইয়ের সঙ্গে খুব বেশি কাজ করা হয়নি, কিন্তু অনেকবার দেখা হয়েছে। আমি যখন নিয়মিত নাটক করতাম, তখন ওনার সঙ্গে দেখা হলেই কত কিছু নিয়ে কথা হতো।’

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এক শোকবার্তায় লেখেন, ‘আমাদের সকলের প্রিয় নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’

অভিনেতা তৌসিফ মাহবুব লিখেছেন, ‘আজ সকালে ঘুম থেকে উঠে এমন একটা খারাপ খবর পাব, সত্যি বলতে, একদমই আশা করিনি। নিউজটা পাওয়ার পর কীভাবে প্রসেস করব, সেটাই বুঝতে আমার প্রায় পনেরো-বিশ মিনিট লেগে গেছে। অনেকক্ষণ থমকে ছিলাম। এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, মারুফ হোসেন সজীব ভাই আর আমাদের মাঝে নেই।’

অভিনেত্রী তাসনুভা তিশা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘কিছু মানুষের হঠাৎ করে চলে যাওয়াটা সত্যিই মানা কষ্ট। মারুফ হোসেন সজীব ভাইয়া, যার সঙ্গে যতবার দেখা হয়েছে, প্রতিবারই তাঁর আন্তরিকতা আর সুন্দর ব্যবহার মনে দাগ কেটেছে। তিনি শুধু একজন গুণী পরিচালক ছিলেন না, একজন সত্যিকারের ভালো মানুষও ছিলেন। আজ তাঁর চলে যাওয়ার খবর শুনে মনটা ভারী হয়ে আছে। শোক ভাষায় প্রকাশ করার মতো নয়। আল্লাহ তাঁর সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দিন। রূহের মাগফিরাত করুন, জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’

নাট্যকার ও পরিচালক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করেছেন মারুফ হোসেন সজীব। তাঁর নির্মিত জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে ‘বিলোপ’, ‘বাবুই পাখির বাসা’, ‘রঙিন কাগজ’, ‘আধার’, ‘সিকিউরিটি গার্ল’, ‘তোমাকে পাওয়ার জন্য’, ‘হাসি’, ‘বিকেল বেলার ছাদ’, ‘দুষ্ট মিষ্টি প্রেম’, ‘আদরের চাঁদ’ ও ‘জোড়া শালিকের ঘর’সহ আরও বেশ কিছু নাটক।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *