নিজস্ব প্রতিবেদক :
কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আনা এক বন্দিকে সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে মৃত ঘোষণা করা হয়েছে।
এই কারাবন্দির নাম মো. রফিকুল ইসলাম (৫৪)। তিনি কোন মামলায় কারাবন্দী ছিলেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তার গ্রামের বাড়ি কুড়িগ্রামে। বাবার নাম মো. রজব আলী।
কারাগার কর্তৃপক্ষ বলছে, রফিকুল কারাগারে অসুস্থ হয়ে পড়েছিলেন। অসুস্থ অবস্থায় তাকে আজ সকালে ঢামেক হাসপাতালে পাঠানো হয়।হাসপাতাল সূত্র বলছে, রফিকুলকে জরুরি বিভাগে আনা হয়েছিল। পরীক্ষা–নিরীক্ষা শেষে সকাল ৯টা ২৫ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, মরদেহের ময়নাতদন্ত হবে। এ জন্য মরদেহ কলেজের মর্গে পাঠানো হয়েছে।
এর আগে ৭ সেপ্টেম্বর ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আলী আকবর মণ্ডল (৬৭) নামের এক কারাবন্দি মারা যান। তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন।
এর আগের দিন ৬ সেপ্টেম্বর সকাল ৭টা ২৫ মিনিট থেকে ৯টা ৫ মিনিটের মধ্যে ঢামেক হাসপাতালে তিনজন কারাবন্দির মৃত্যু হয়েছিল। তাদেরও কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে আনা হয়েছিল। তারা হলেন- আবুল বাশার (৫৮), আবদুল কাইয়ম (৬২) ও মো. শাহাদত হোসেন লিটন (৫২)।