ট্রাকের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহের ত্রিশালে ড্রাম ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ আরও চারজন আহত হয়েছেন। নিহতদের একজন ঘটনাস্থলে এবং অপরজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীর বাজারসংলগ্ন তিরখী বালুখলা এলাকায় ময়মনসিংহ-গফরগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিএনজিচালক জসিম উদ্দিন (৩৮) ময়মনসিংহ সদর উপজেলার সুতিয়াখালী এলাকার মফিজ উদ্দিনের ছেলে। হাসপাতালে মারা যাওয়া নারী যাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে তিরখী বালুখলা এলাকায় ময়মনসিংহগামী যাত্রীবাহী সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালক জসিম উদ্দিন মারা যান। অটোরিকশায় থাকা পাঁচ যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা সিএনজির সামনের আসনে থাকা গুরুতর আহত দুই যাত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আরও তিন নারী যাত্রীকে উদ্ধার করে একই হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক নারী মারা যান। আহত চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাদিকুল ইসলাম বলেন, খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত তিন নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। তাঁদের পৌঁছানোর আগেই স্থানীয়রা আরও দু’জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন বলে জানতে পারেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মদ বলেন, ড্রাম ট্রাক ও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চালক জসিম মারা যান। আহত হন পাঁচ যাত্রী। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

থানার উপপরিদর্শক (এসআই) পলাশ চন্দ্র রায় বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক নারী মারা গেছেন। তাঁর পরিচয় এখনো জানা যায়নি।

দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *