পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

পার্বত্য চট্টগ্রামবিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে সভাপতি করা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে। বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান সমন্বয়ককে। আর ডিজিএফআইয়ের মহাপরিচালককে করা হয়েছে সদস্য-সচিব।

এই কমিটি পার্বত্য চট্টগ্রাম-সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রাধিকার নির্ধারণ, বিভিন্ন কাজের বাস্তবায়ন তদারকি এবং ওই অঞ্চলের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমন্বয় করবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটিতে ৯ জন মন্ত্রী ও উপদেষ্টা সদস্য হিসেবে রয়েছেন। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, তিন পার্বত্য জেলা থেকে নির্বাচিত সংসদ সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) মহাপরিচালক সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

পুনর্গঠিত এই জাতীয় কমিটি পার্বত্য চট্টগ্রাম সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রাধিকার নির্ধারণের পাশাপাশি সেসব কার্যক্রমের আয়-ব্যয় এবং বাস্তবায়ন পরিস্থিতি তদারকি করবে।

একইসঙ্গে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে নিয়োজিত বিভিন্ন নিরাপত্তা বাহিনী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যপরিধি ও কর্মক্ষেত্র নির্ধারণের দায়িত্বও পালন করবে এই কমিটি।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *