ময়মনসিংহে হামে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহে কিছুতেই কমছে না হাম আক্রান্ত শিশুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ নিয়ে হাসপাতালটিতে হাম আক্রান্ত হয়ে মোট ৭২ শিশুর মৃত্যু হলো।

গত ৪ সেপ্টেম্বর রাতে ময়মনসিংহ সদর থেকে হামের লক্ষণ নিয়ে ১০ মাস বয়সি শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। হাম ছাড়াও শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ২২ শিশুকে ভর্তি করা হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১৯ শিশু। বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৯৩ শিশু চিকিৎসাধীন রয়েছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৩ হাজার ৯৮৩ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৮১৮ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *