১২ বছর পর ইংল্যান্ড দলে পিটারসেন

স্পোর্টস ডেক্স :

দীর্ঘ ১২ বছর পর আবারও ইংল্যান্ডের জাতীয় দলের সঙ্গে কাজ করতে যাচ্ছেন সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের বিশেষজ্ঞ পরামর্শক হিসেবে তাকে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)

সোমবার ইসিবি জানায়, চলতি মাসে শ্রীলংকার বিপক্ষে সীমিত ওভারের সিরিজ দিয়েই পিটারসেনের নতুন দায়িত্ব শুরু হবে। প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে কাজ করবেন তিনি। বিশেষ করে আসন্ন বিশ্বকাপের প্রস্তুতিতে দল ও ক্রিকেটারদের ব্যক্তিগতভাবে সহায়তা করবেন সাবেক এই তারকা ব্যাটসম্যান।

নিজের অনুভূতি জানিয়ে পিটারসেন বলেছেন, ২০১৪ সালের পর আবার ইংল্যান্ডের পোশাক পরতে পারা তার জন্য বিরাট সম্মানের। নিজের অভিজ্ঞতা দিয়ে দলের ক্রিকেটারদের সামর্থ্য পুরোপুরি কাজে লাগাতে সাহায্য করতে চান তিনি। সর্বোচ্চ পর্যায়ে সফল হওয়ার অভিজ্ঞতা এবং ব্যাটিংয়ের গভীর জ্ঞান দিয়ে ইংল্যান্ডের ব্যাটারদের উন্নতিতে ভূমিকা রাখতে পারবেন বলে মনে করছেন ম্যাককালামও।

পিটারসেনকে নিয়োগের ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার সঙ্গে তার দীর্ঘ পরিচয়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দক্ষিণ আফ্রিকায় বেড়ে ওঠা এই ক্রিকেটার দেশটির কন্ডিশন ও পরিবেশ সম্পর্কে ভালোভাবে জানেন। আগামী বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় পরিবেশ সম্পর্কে তার অভিজ্ঞতা ইংল্যান্ডের প্রস্তুতিতে বাড়তি সুবিধা দেবে বলে আশা করছে ইসিবি।

৪৫ বছর বয়সী সাবেক এই অধিনায়ক ইংল্যান্ডের হয়ে টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি মিলে ৩২টি সেঞ্চুরি আর ৬৭টি ফিফটির সাহায্যে ১৩ হাজার ৭৯৭ রান সংগ্রহ করেছেন।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *