মাগুরায় ৫ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক:

মাগুরার শালিখায় পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে কাশেম (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার উপজেলার পোড়াগাছি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াগাছি এলাকায় শিশুটিকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগ ওঠার পর স্থানীয় এক ব্যক্তি জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে শালিখা থানার উপপরিদর্শক (এসআই) ইকরামুল হুদা পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান এবং অভিযোগের বিষয়ে প্রাথমিকভাবে খোঁজ নেন। পরে কাশেমকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

স্থানীয়রা জানান, কাশেম একটি মিলে শ্রমিক হিসেবে কাজ করে। ওই মিলে নারকেল তেল উৎপাদন করা হয় এবং নারকেলের খোল নিতে বিভিন্ন বয়সী শিশুরা নিয়মিত সেখানে আসা-যাওয়া করে। ভুক্তভোগী শিশুটিও খোল নিতে ওই মিলে আসত। তাদের অভিযোগ, মঙ্গলবার শিশুটি খোল নিতে মিলে গেলে কাশেম তাকে একা পেয়ে যৌন নির্যাতন করে।

এ বিষয়ে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা করা হয়েছে। আজ বুধবার তাকে মাগুরার আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *