৩ মিনিটে ৮১ বার ‘স্যার’, মানিকগঞ্জের সিভিল সার্জন ভাইরাল

নিজস্ব প্রতিবেদক :

‘স্যার, স্যার, স্যার…’। একবার-দুইবার নয়, টানা তিন মিনিটে ৮১ বার! অর্থাৎ গড়ে প্রতি ২ দশমিক ২২ সেকেন্ডে একবার করে ‘স্যার’ সম্বোধন করা হয়েছে।

বিষয়টি কোনো নাটকের সংলাপ নয়, মানিকগঞ্জের একটি অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনকে এভাবেই সম্বোধন করেছেন জেলার সিভিল সার্জন আইভী ফেরদৌস।

সোমবার সকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে উপস্থিত অনেকের চোখেমুখে তখন বিস্ময়। কেউ হয়তো মনে মনে গুনেছেন, কেউ আবার ‘স্যার’ গণনার দায়িত্ব মোবাইলের ক্যালকুলেটরের ওপর ছেড়ে দিয়েছেন। শেষপর্যন্ত হিসাব গিয়ে ঠেকেছে ৮১-তে

আর এতেই অনুষ্ঠানের গণ্ডি পেরিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমের অনলাইন সংস্করণে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন সিভিল সার্জন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবির, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তনু, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত এক সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘স্যার’ সম্বোধন করতেই পারেন। তবে এত বেশি ‘স্যার’ শুনে উপস্থিত অনেকেই কিছুটা বিব্রত হয়েছেন। তার ভাষায়, সম্বোধনের মাত্রাটা ‘অতিমাত্রায়’ হয়ে গেছে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা রসিকতা। কেউ বলছেন, তিন মিনিটের বক্তব্যে ‘স্যার’ শব্দের এমন ‘রেকর্ড’ সচরাচর দেখা যায় না। আবার কারও মন্তব্য, বক্তব্যের মূল বিষয় কী ছিল তা অনেকেই ভুলে গেলেও ‘স্যার’ বলার সংখ্যাটি মনে থাকার সম্ভাবনাই বেশি।

এ নিয়ে বিএনপির এক সিনিয়র নেতা অবশ্য ভিন্ন মন্তব্য করেছেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, বিভিন্ন সরকারের আমলে কর্মকর্তাদের মন্ত্রীদের সঙ্গে আচরণ নিয়ে নানা ধরনের আলোচনা থাকে। তবে কোনো ব্যক্তির রাজনৈতিক সম্পৃক্ততা বা অতীত সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ছবি বা পোস্টকে এককভাবে প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই।

তবে ওই নেতা রসিকতা করে বলেন, ‘স্যার’ বলা যদি কোনো প্রতিযোগিতা হতো, তাহলে তিন মিনিটে ৮১ বার ‘স্যার’ বলে মানিকগঞ্জের সিভিল সার্জন হয়তো প্রথমসারির প্রতিযোগী হয়ে যেতেন।

এদিকে অনুষ্ঠান শেষে উপস্থিত অনেকের আলোচনার বিষয়ও ছিল সেই ‘স্যার’। স্বাস্থ্যমন্ত্রীকে কী বলা হয়েছিল, কেন বলা হয়েছিল, বক্তব্যের বিষয় কী ছিল, সেসব ছাপিয়ে আলোচনার কেন্দ্রে চলে আসে একটি শব্দই—‘স্যার’।

তিন মিনিটে ৮১ বার ‘স্যার’ বলার হিসাবটি এখন অনলাইনে ছড়িয়ে পড়ায় সিভিল সার্জন আইভী ফেরদৌস রীতিমতো ভাইরাল।

এ ব্যাপারে সিভিল সার্জন আইভী ফেরদৌসের সঙ্গে তার সরকারি মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *