খুন’ নিয়ে গান গাওয়ার কিছুক্ষণ পরই গুলিতে নিহত সংগীতশিল্পী

বিনোদন ডেক্স:

ভারতের উত্তরপ্রদেশের শামলী জেলায় অঙ্কিত বালিয়ান (৩৫) নামে হরিয়ানার এক সংগীতশিল্পীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় একটি জিম থেকে বের হওয়ার সময় তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে শামলীর কোতোয়ালি এলাকার একটি জিম থেকে বের হন অঙ্কিত। এ সময় ৩ থেকে ৪ জন সশস্ত্র ব্যক্তি তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অঙ্কিতকে হত্যার খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে দ্রুত হামলাকারীদের গ্রেফতারের দাবিতে প্রতিবাদ করেন।

এদিকে হত্যাকাণ্ডের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। সেখানে ভারতের আলোচিত ‘গোগী গ্যাং’-এর পক্ষ থেকে অঙ্কিত হত্যার দায় স্বীকার করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। গোগী গ্যাংয়ের সদস্য ভোলু শাহপুরিয়ার নামে ছড়িয়ে পড়া ওই পোস্টের সত্যতা যাচাই করছে পুলিশ। পাশাপাশি হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত শুরু হয়েছে।

হত্যাকাণ্ডের আগে অঙ্কিতের ইনস্টাগ্রামে দেওয়া একটি ভিডিও নিয়েও আলোচনা শুরু হয়েছে। ভিডিওতে তাকে এমন একটি গান গাইতে দেখা যায়, যার কথায় ‘খুন’-এর প্রসঙ্গ রয়েছে। ভিডিও প্রকাশের কিছুক্ষণ পরই তার হত্যার খবর সামনে আসায় বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। তবে ওই গানের সঙ্গে হত্যাকাণ্ডের কোনো সরাসরি যোগসূত্র আছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *