নৌকা থেকে পড়ে নিখোঁজ শিশুর লাশ মিলল চার দিন পর

নিজস্ব প্রতিবেদক:

পরিবারের লোকজনের সঙ্গে কিশোরগঞ্জের হাওড়ে ঘুরতে এসে  নিকলী উপজেলার ছাতিরচরের করচবন এলাকায় নৌকা থেকে পড়ে ঘোড়াউত্রা নদীর গভীর পানিতে তলিয়ে নিখোঁজ হয়েছিল পাঁচ বছরের শিশু ওয়ালিদ। নিখোঁজ হওয়ার চার দিন শিশু ওয়ালিদের  লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৮টার দিকে নিকলী উপজেলার ছাতিরচর দক্ষিণপাড়া ঘোড়াউত্রা নদীর চর এলাকায় পানিতে ভাসমান অবস্থায় স্থানীয় লোকজন ওই শিশুর লাশটি দেখতে পান। খবর পেয়ে নিকলী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।

শিশু ওয়ালিদ পার্শ্ববর্তী নরসিংদীর জেলার মনোহরদী উপজেলা সদরের উজ্জ্বল মিয়া ও দিপা দম্পতির ছেলে। পরিবারের সদস্যদের সঙ্গে বেড়াতে এসে এমন মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে অকাল মৃত্যুর শিকার হয় সে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২১ আগস্ট) পরিবারের সদস্যদের সঙ্গে নিকলী হাওড়ে আসে ওয়ালিদ। ওইদিন দুপুরে ১১ জন যাত্রী নিয়ে একটি ছোট  ট্রলারে করে ছাতিরচর করচবন পর্যটন এলাকায় পৌঁছতে বাঁক নেওয়ার সময় নৌকাটি হঠাৎ একদিকে কাত হয়ে যায়। এতে মুহূর্তের মধ্যেই নৌকায় থাকা অধিকাংশ লোকজন  পানিতে পড়ে যান।

এলাকাবাসী ও আশপাশের নৌকার লোকজন এগিয়ে এসে উদ্ধার কাজে অংশ নেন। তাদের সহযোগিতায় এ সময় ওয়ালিদ ব্যতীত সবাইকে উদ্ধার সম্ভব হয়।

শিশু নিখোঁজের খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার সার্ভিসের ডুবুরিরা টানা দুই দিন অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে না পেরে অভিযান পরিত্যক্ত ঘোষণা করেন; কিন্তু স্বজন ও স্থানীয় উদ্ধার কর্মীরা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘোড়াউত্রা নদীর  বিভিন্ন পয়েন্টে উদ্ধার অভিযান অব্যাহত রাখে।

নিকলী থানার ওসি মাহমুদুর রহমান বলেন, নিখোঁজ শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশটি স্বজনদের কাছে  হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *