যুদ্ধ বন্ধের চেষ্টায় ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেক্স :

ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। অঞ্চলটিতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার উদ্যোগের অংশ হিসেবে সোমবার তেহরানে গিয়ে ইরানের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য জানিয়েছেন।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের অবসানে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। গত ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর দুই দেশের মধ্যে সংঘাত শুরু হয়। আসিম মুনিরের সফরকে সেই সংঘাত কমিয়ে আলোচনার পথ তৈরি করার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

পাকিস্তান সরকারের দুটি সূত্রও রয়টার্সকে মুনিরের সফরের বিষয়টি নিশ্চিত করেছে। একটি সূত্র জানিয়েছে, ইরান ও পাকিস্তানের মধ্যে সরাসরি যোগাযোগ অব্যাহত রয়েছে। সফরে চলমান সংঘাতের সর্বশেষ পরিস্থিতি এবং ইরানের ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি নিয়ে আলোচনা হতে পারে।

পাকিস্তানি ওই সূত্রের ভাষ্য অনুযায়ী, মুনির ইরানের নেতাদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় ইসলামাবাদকেন্দ্রিক সমঝোতা স্মারক, ট্রাম্পের হুঁশিয়ারি, পাকিস্তান-তুরস্ক-সৌদি আরবের সাম্প্রতিক চুক্তির পরবর্তী পরিস্থিতি এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিষয়েও আলোচনা করবেন।

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের মার্কিন পরিকল্পনাকে ঘিরে উত্তেজনার মধ্যেই মুনিরের এই সফর হচ্ছে। মার্কিন কর্মকর্তাদের মতে, প্রস্তাবিত নিষেধাজ্ঞা ইরানের বিরুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে কঠোর অর্থনৈতিক পদক্ষেপ হতে পারে। এর বিস্তারিত সোমবার প্রকাশ করার কথা রয়েছে।

ইরানকে আন্তর্জাতিকভাবে আরও বিচ্ছিন্ন করার হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প। তাঁর সতর্কবার্তা অনুযায়ী, কোনো দেশ ইরানকে অর্থনৈতিকভাবে টিকে থাকার সহায়তা দিলে তাদেরও অর্থনৈতিক পরিণতির মুখে পড়তে হতে পারে।

এদিকে হরমুজ প্রণালিতে তেল পরিবহন কার্যত ব্যাহত হচ্ছে। অনুমতি ছাড়া কোনো তেলবাহী ট্যাঙ্কার গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে চলাচলের চেষ্টা করলে হামলার হুমকি দিয়েছে তেহরান। নতুন নিষেধাজ্ঞা ও হরমুজ প্রণালির পরিস্থিতি এরই মধ্যে ইরানের অর্থনীতির ওপর আরও চাপ তৈরি করেছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *