চার বছর পর টেনিস কোর্টে ফিরছেন ফেদেরার

স্পোর্টস ডেক্স :

দীর্ঘ চার বছর পর আবারও টেনিস কোর্টে ফিরতে যাচ্ছেন কিংবদন্তি রজার ফেদেরার। ২০২২ সালের সেপ্টেম্বরে আবেগঘন বিদায়ের পর আর প্রতিযোগিতামূলক টেনিসে দেখা যায়নি ২০ গ্র্যান্ড স্লামজয়ী এই সুইস তারকাকে। এবার ইউএস ওপেনের বিশেষ প্রদর্শনী ম্যাচের মাধ্যমে আবারও র‌্যাকেট হাতে নেবেন তিনি।

নিউইয়র্কের ফ্লাশিং মিডোসে অনুষ্ঠিতব্য বিশেষ এই আয়োজনে ফেদেরার খেলবেন দুটি ম্যাচ। ইউএস ওপেনের আয়োজকেরা রোববার তার ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। নিজের ক্যারিয়ারের ২০টি গ্র্যান্ড স্লামের মধ্যে পাঁচটিই এই ভেন্যুতে জিতেছিলেন ফেদেরার।

এক সন্ধ্যার এই বিশেষ আয়োজনে ফেদেরারের সঙ্গে থাকছেন তার পুরোনো প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি রডিক, টেনিস কিংবদন্তি আন্দ্রে আগাসি এবং জন ম্যাকএনরো।

আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, প্রথম ম্যাচে এক সেটের লড়াইয়ে রডিকের মুখোমুখি হবেন ফেদেরার। এরপর দ্বিতীয় ম্যাচে জন ম্যাকএনরোকে সঙ্গী করে রডিক ও আন্দ্রে আগাসির জুটির বিপক্ষে খেলবেন তিনি।

কোর্টে ফেরার খবর নিয়ে উচ্ছ্বসিত ফেদেরারও। নিউইয়র্কে আবারও ফিরতে পেরে আনন্দ প্রকাশ করে তিনি জানিয়েছেন, শহরটির সঙ্গে তার দীর্ঘ ক্যারিয়ারের অসংখ্য স্মৃতি রয়েছে। নতুন এই অভিজ্ঞতা সেই স্মৃতির সঙ্গে আরও একটি বিশেষ অধ্যায় যোগ করবে বলেও মনে করছেন তিনি।

ফেদেরারের প্রত্যাবর্তনের ঘোষণায় বিশ্বজুড়ে তার ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছে। প্রতিযোগিতামূলক টেনিসে না ফিরলেও প্রিয় তারকাকে আবার র‌্যাকেট হাতে দেখার সুযোগ পেতে যাচ্ছেন তারা।

এদিকে আগামী ৩০ আগস্ট শুরু হবে এবারের ইউএস ওপেন। এবারের আসরে মোট ১০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার প্রাইজমানি থাকছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ হাজার ২৫০ কোটি টাকা। গ্র্যান্ড স্লাম তো বটেই, টেনিস ইতিহাসে এক আসরে এটিই সর্বোচ্চ প্রাইজমানি।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *