চুয়াডাঙ্গায় প্রকাশ্য দিবালোকে মাথায় দেশি অস্ত্র ঠেকিয়ে কোটি টাকার চুল ছিনতাই

আজাদ হোসেন চুয়াডাঙ্গা প্রতিনিধি:
গয়না নয়, টাকা নয়, ছিনতাই হয়েছে চুল, চুল ভর্তি গোটা একটা পিকআপ ভ্যান। তাতে ছিল ব্যবসায়ীদের ২৩ বস্তায় মোট ৪০০ কেজি চুল। যার আনুমানিক মূল্য এক কোটি টাকার কাছাকাছি। দামুড়হুদা- চুয়াডাঙ্গা সড়কে পুড়াপাড়া এলাকায় প্রকাশ্য দিবালোকে কয়েকজন দেশি অস্ত্রধারী দুর্বৃত্ত মোটরসাইকেল করে এসে চুল ভর্তি পিকআপভ্যানের গতিরোধ করে থামিয়ে প্রায় কোটি টাকা মূল্যের চুল ছিনতাই করে নিয়ে যায়। ঘটনার পর ছিনতাইয়ে জড়িতদের শনাক্ত ও আটক করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কের পুরাপাড়া নামক স্থানে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। বাংলাদেশ হেয়ার প্রসেসিং ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আতিয়ার রহমান তাগিদার বলেন, দামুড়হুদার কার্পাসডাঙ্গার কারখানা থেকে প্রসেসিং শেষে চুলগুলো পিকআপ ভ্যানে করে ঢাকায় নেওয়া হচ্ছিল। ওই চালানে ২৩ জন মালিকের মোট ২৩ বস্তা চুল ছিল। তিনি বলেন, কে বা কারা ছিনতাই করেছে, তা পুলিশ ও আমরা অনুসন্ধান করছি। এখানে প্রায় ৪০০ কেজিতে প্রায় কোটি টাকার মূল্যের চুল ছিল।

ব্যবসায়ী মন্টু মিয়া বলেন, “চুরি হয়ে যাওয়া ওই মাল উৎপাদনের সঙ্গে যুক্ত ছিলেন প্রায় ২২ ছোট ব্যবসায়ী ও ১০০ শ্রমিক। ওই মাল বিক্রির পরেই টাকা পেতেন শ্রমিক ও ব্যবসায়ীরা। তাঁরা ঋণ করেই ব্যবসা চালান। ওই মাল উদ্ধার না হলে শুধু ব্যবসায় সঙ্কট নয়, শ্রমিক ও ব্যবসায়ীরা না খেয়ে মারা যাবেন।”

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, বেলা দেড়টার দিকে পুরাপাড়া নামক স্থানে এই ঘটনা ঘটেছে বলে জেনেছি। পুলিশের একাধিক টিম এই বিষয়ে কাজ করছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *