ছাত্র দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ছাত্র গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার দেবিদ্বারে এসএসসি পরীক্ষার উত্তরপত্র নিজে মূল্যায়ন না করে এক ছাত্রকে দিয়ে মূল্যায়ন করানোর অভিযোগে এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও তার এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর হাজী আমির আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাচ্চু মিয়া এবং একই বিদ্যালয়ের ছাত্র মেহেদী হাসান।

রোববার দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এসএসসি-২০২৬ সালের সাধারণ বিজ্ঞান বিষয়ের উত্তরপত্র পরীক্ষক নিজে মূল্যায়ন না করে তার বিদ্যালয়ের ছাত্র ও এসএসসি পরীক্ষার্থী মেহেদী হাসানকে দিয়ে মূল্যায়ন করাচ্ছেন। ভিডিওটি ভাইরাল হলে দেশজুড়ে সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের নজরে এলে দ্রুত তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মন্ত্রীর নির্দেশনার পর শনিবার কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক বাদী হয়ে দেবিদ্বার থানায় একটি মামলা করেন। পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর ১০, ১২ ও ১৩ ধারায় দায়ের করা মামলায় শিক্ষক মো. বাচ্চু মিয়া ও ছাত্র মেহেদী হাসানকে আসামি করা হয়। এরপর শনিবার রাতেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রকের করা মামলার ভিত্তিতে অভিযুক্ত শিক্ষক ও ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *