গোয়াইনঘাট সীমান্তে ‘ভারতীয় খাসিয়াদের’ গুলিতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট-লাখাট সীমান্তে ‘ভারতীয় খাসিয়াদের’ গুলিতে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ভারতের মেঘালয় রাজ্যের লাখাট এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার সকাল সাতটার দিকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ বেলা ১১টার দিকে নিহত মিনহাজ উদ্দিনের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে।

নিহত যুবক মিনহাজ উদ্দিন (২৫) গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের কমর উদ্দিনের ছেলে।

৪৮ বিজিবির সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মিনহাজসহ কয়েকজন গত রাতে ভারতের ভেতরে ঢুকেছিলেন। তারা মেঘালয় রাজ্যের লাখাট স্টেশন এলাকায় গেলে ‘ভারতীয় খাসিয়ারা’ তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে মিনহাজ গুলিবিদ্ধ হন। পরে তার সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসেন।

স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন বলেন, খবর পেয়ে তারা নিহতের বাড়িতে যান এবং বিষয়টি পুলিশ ও বিজিবিকে অবহিত করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘ভারতীয় খাসিয়াদের’ গুলিতে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশের একটি দল মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, প্রাথমিকভাবে জানা গেছে মিনহাজ উদ্দিন ভারতের অভ্যন্তরে প্রায় এক কিলোমিটার ভেতরে চুরি বা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে প্রবেশ করেছিলেন। সেখানে ‘খাসিয়াদের’ গুলিতে তিনি গুলিবিদ্ধ হন। পরে তাকে বাংলাদেশে নিয়ে আসার পর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় অনুসন্ধান চলছে।

 

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *