গাজীপুরে দুই সন্তানকে বিষ খাইয়ে মায়েরও আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরে দুই সন্তানকে বিষপান করি নিজেও আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন এক মা। কাজ শেষে বাসায় ফিরে স্বামী মোবারক হোসেন তাদের দ্রুত হাসপাতালে নেন। বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

অসুস্থ তিন জন হলেন- নেত্রকোনা জেলা সদরের মোবারক হোসেনের স্ত্রী মণি আক্তার (৩০), ছেলে  আরাফাত (৪) ও মেয়ে মাইশা (২)। তাদের উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুর শারীরিক অবস্থার অবনতি দেখে দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে দুই শিশুকে সেখানে পাঠানো হয়। মা মণি আক্তার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

মোবারক হোসেন শ্রীপুরের টেপিরবাড়ি এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকেন। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কাজ শেষে বাসায় ফিরে তিনি দেখেন, তার স্ত্রী ও দুই সন্তান ঘরের মেঝেতে পড়ে কাতরাচ্ছেন। ঘরে এবং তাদের শরীরে কীটনাশকের তীব্র গন্ধ ছিল। শিশুদের মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। পরে তিনি চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের হাসপাতালে নিয়ে যান।

ভাড়া বাড়ির মালিক বিউটি আক্তার বলেন, প্রায় দুই মাস আগে মোবারক তার বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে পরিবারসহ বসবাস শুরু করেন। স্বামী-স্ত্রীর মধ্যে কলহ ছিল। তবে কী বিষয় নিয়ে কলহ ছিল, তা তিনি জানাতে পারেননি।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বলরাম দাস বলেন, মা ও দুই শিশুকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়। শিশুদের অবস্থা সংকটাপন্ন হওয়ায় দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মায়ের চিকিৎসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে।

শ্রীপুর থানার ওসি শাহীনুর আলম বলেন, ঘটনাটি এখনও থানায় কেউ জানায়নি। এ বিষয়ে খোঁজ নেওয়া হবে।

 

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *