মেঘনায় ট্রলারডুবি, পানিতে তলিয়ে গেল ৫ হাজার বস্তা ধান-চাল

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের পদ্মা-মেঘনা-ডাকাতিয়া নদীর মিলনস্থলে উত্তাল স্রোত ও ঢেউয়ের কবলে পড়ে ৫ হাজার বস্তা ধান ও চালবোঝাই একটি ট্রলার ডুবে গেছে। বুধবার সকালে পুরানবাজার নদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে ট্রলারে থাকা শ্রমিকরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ট্রলারের চালক এরশাদ মাঝি জানান, পাবনা থেকে ৩ হাজার ৫০০ বস্তা চাল ও ১ হাজার ৫০০ বস্তা ধান নিয়ে ‘পারবো’ নামের ট্রলারটি চাঁদপুরের পুরানবাজার ঘাটের কাছে পৌঁছালে হঠাৎ প্রচণ্ড ঢেউ ও ঘূর্ণিস্রোতের কবলে পড়ে। একপর্যায়ে ট্রলারটি কাত হয়ে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা পাঁচ থেকে ছয়জন শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন। পরে ট্রলারটিকে ডাকাতিয়া নদীর তীরের কাছে নেওয়া হয়।

চাঁদপুর চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম জানান, ডুবে যাওয়া ধান ও চাল পুরানবাজারের ১০ থেকে ১২ জন ব্যবসায়ীর। এ ঘটনায় তাদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে পদ্মা-মেঘনা নদীতে তীব্র স্রোত ও উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। বুধবার সকাল থেকেও চাঁদপুরে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল।

দুর্ঘটনার খবর পেয়ে নৌ-পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজমগীর হোসেন বলেন, ডুবে যাওয়া ট্রলারটি নদীর কিনারায় আনা হয়েছে। সেখান থেকে ধান ও চাল উদ্ধারের কাজ চলছে। এ পর্যন্ত ডুবুরি ও নৌকার সহায়তায় প্রায় ১০০ বস্তা উদ্ধার করা হয়েছে। তবে অধিকাংশ মালামাল উদ্ধার করা সম্ভব হবে না বলেই ধারণা করা হচ্ছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *