নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতা কর্মী ববি বেগম (৭০) মারা গেছেন।
বুধবার (৮ জুলাই) রাত ১টা ১৫ মিনিটে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা।
জানা গেছে, শনিবার (৪ জুলাই) গভীর রাতে একদল দুর্বৃত্ত উপজেলার মেথিকান্দা রেলস্টেশনের একটি কক্ষে ঢুকে ববি বেগমের ওপর নির্মম হামলা চালায়। এ সময় তাকে মারধর করে তার দীর্ঘদিনের কষ্টার্জিত ও সঞ্চিত প্রায় ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে স্টেশনের কর্মীরা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আবার স্টেশনে ফিরিয়ে আনা হয়। এরপর কিছুটা সুস্থ অনুভব করেন ববি বেগম। এমতাবস্থায় আহত হওয়ার ৪দিন পর মঙ্গলবার (৭ এপ্রিল) দিনগত রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই রাত ১টা ১৫ মিনিটে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।
এদিকে ববি বেগমের মৃত্যুর খবরে গভীর রাতে রায়পুরা উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে আসে। ঘরবাড়ি ও স্বজনহীন এই নারীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মহলে শোক প্রকাশ করা হয়। একই সাথে হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সর্বস্তরের মানুষ।