রণবীরের বৃহস্পতি তুঙ্গে

বিনোদন ডেক্স :

বলিউড অভিনেতা রণবীর সিং আজ ৪১ বছরে পা রাখলেন। এবারের জন্মদিন শুধু কেক কাটার আনন্দে সীমাবদ্ধ নয়। ৪০তম বছর রণবীরের জীবনে একের পর এক সুখবর নিয়ে এসেছে। বক্স অফিসে রেকর্ড গড়া সাফল্য থেকে শুরু করে পরিবারে নতুন অতিথি আসার অপেক্ষা—সব মিলিয়ে সময়টা দারুণ কাটছে এই অভিনেতার।

গত বছরের ডিসেম্বরে মুক্তি পায় রণবীর অভিনীত ‘ধুরন্ধর’। মুক্তির পর সিনেমাটি বিশ্বব্যাপী প্রায় ১,৩০৭ কোটি ৩৫ লাখ রুপি আয় করে বছরের অন্যতম বড় ব্লকবাস্টারে পরিণত হয়। ক্যারিয়ারের অন্যতম সেরা সাফল্যও এনে দেয় এই সিনেমা। ছবি এরপর চলতি বছরের ১৯ মার্চ মুক্তি পায় সিনেমাটির সিক্যুয়েল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। সাধারণত সিক্যুয়েল নিয়ে দর্শকদের প্রত্যাশা থাকে অনেক, কিন্তু সেই প্রত্যাশাকে ছাড়িয়েই যায় সিনেমাটি। বিশ্বব্যাপী ১,৮১৩ কোটি ৩৯ লাখ রুপি আয় করে প্রথম কিস্তির রেকর্ডও ভেঙে দেয়।

বক্স অফিসে এই সাফল্যের মধ্যেই এপ্রিলে আসে আরও একটি সুখবর। স্ত্রী দীপিকা পাড়ুকোনোর সঙ্গে দ্বিতীয় সন্তানের আগমনের ঘোষণা দেন রণবীর। তবে চমকটা ছিল ঘোষণার ধরনে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা সিনেমাতে তাদের মেয়ে দুয়াকে একটি পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিট হাতে দেখা যায়। আর দীপিকা ক্যাপশনে ব্যবহার করেন শুধু দুটি নজর লাগা এড়ানোর ইমোজি।

এই ঘোষণার পর ভক্তরাও শুভেচ্ছায় ভাসান তারকা দম্পতিকে। পরিবার ও ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খোলামেলা রণবীর। স্ত্রী দীপিকার প্রতি ভালোবাসা প্রকাশ, বাবা হওয়ার অভিজ্ঞতা কিংবা প্রাণখোলা উচ্ছ্বাস—সবকিছুতেই তিনি নিজের আবেগ লুকান না। এবার সেই আনন্দের তালিকায় যুক্ত হতে যাচ্ছে দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার নতুন অধ্যায়।

সব মিলিয়ে ২০২৬ সাল যেন রণবীর সিংয়ের জন্য স্বপ্নপূরণের বছর। এক বছরে দুটি হাজার কোটির ব্লকবাস্টার, সঙ্গে পরিবারে নতুন সদস্যের অপেক্ষা—৪১তম জন্মদিনে এর চেয়ে বড় উপহার আর কী-ই বা হতে পারে! সূত্র: এনডিটিভি

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *