নিজস্ব প্রতিবেদক:
রাঙামাটি জেলার বাঘাইছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম লাল্যাঘোনা এলাকায় পাহাড় থেকে গাছের গোড়াসহ মাটি ধসে পড়ে লক্ষী বিলাশ চাকমা (৭০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। আকস্মিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ বাড়ির পাশে গরুর খড়ের স্তুপে জমে থাকা বৃষ্টির পানি বের করে দেওয়ার জন্য ড্রেন কাটার কাজ করছিলেন লক্ষী বিলাশ চাকমা। এ সময় টানা বৃষ্টির কারণে নরম হয়ে যাওয়া পাহাড়ের ওপর থেকে একটি বড় গাছের গোড়াসহ মাটি ধসে তার শরীরের ওপর এসে পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার তৎপরতা চালান। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হন উপস্থিতরা। পরে পরিবারের সদস্যদের আহাজারিতে পুরো এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ের মাটি নরম হয়ে পড়েছে। ফলে পাহাড়সংলগ্ন এলাকায় বসবাসকারী মানুষজন আতঙ্কের মধ্যে রয়েছেন। তারা ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় প্রয়োজন ছাড়া না যাওয়ার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে আরও কার্যকর সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।