আন্তর্জাতিক ডেক্স :
হরমুজ প্রণালির ওপর ইরানের যে নিয়ন্ত্রণ ও প্রভাব রয়েছে, তা একটি পারমাণবিক অস্ত্রের সমতুল্য কৌশলগত সুবিধা দেয় বলে মন্তব্য করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-প্রধান দিমিত্রি মেদভেদেভ।
তিনি যুক্তি দেন, এই জলপথ দিয়ে জাহাজ চলাচল সীমিত করার ক্ষমতা তেহরানের ভূ-রাজনৈতিক শক্তিকেই প্রমাণ করে। ইরান সফর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুশ এই শীর্ষ কর্মকর্তা সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যে যদি ব্যাপক আকারে কোনো আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ে, তবে তেহরান বাব আল-মান্দেব প্রণালি দিয়েও জাহাজ চলাচল ব্যাহত করতে পারে।
এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ এবং বাণিজ্যিক পরিবহন ব্যবস্থা সম্পূর্ণ স্থবির হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে বিষয়টি যেন সে পর্যন্ত না গড়ায়, সেই আশাবাদ ব্যক্ত করে মেদভেদেভ বলেন, যারা এই অঞ্চলে সংঘাত উসকে দিচ্ছে, তাদের ইরানের এই সক্ষমতার কথা মাথায় রাখা উচিত।
সম্প্রতি ইরানের ওপর চালানো মার্কিন হামলার তীব্র সমালোচনা করে মেদভেদেভ একে ‘সম্পূর্ণ উসকানিহীন’ বলে আখ্যা দেন। তিনি দাবি করেন, যখন দুই পক্ষের মধ্যে সমঝোতা আলোচনা চলছিল, তখন ইরান আমেরিকার জন্য কোনো হুমকি ছিল না। এই হামলা আন্তর্জাতিক আইনকে মারাত্মকভাবে লঙ্ঘন করেছে উল্লেখ করে তিনি জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সৃষ্ট উদ্বেগ নিরসনে রাশিয়া আগেই একটি শান্তিপূর্ণ সমাধানের প্রস্তাব দিয়েছিল।