১১ বছরের শিশুর চালানো পিকআপের ধাক্কায় ৯ বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু

আন্তর্জাতিক ডেক্স :

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের মুকদাহান প্রদেশে ধর্মীয় শোভাযাত্রায় থাকা বৌদ্ধ ভিক্ষুদের ওপর একটি পিকআপ ভ্যান উঠে গেলে অন্তত ৯ জন ভিক্ষুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। গাড়িটি চালাচ্ছিল ১১ বছর বয়সী এক শিশু, যে বাবা-মায়ের অনুমতি ছাড়াই পিকআপটি নিয়ে বের হয়েছিল।

স্থানীয় পুলিশ জানায়, ৩৫ জন বৌদ্ধ ভিক্ষু ও পাঁচজন সাধারণ অনুসারী পদযাত্রার মাধ্যমে তীর্থযাত্রা করছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি তাদের ওপর উঠে যায়। ঘটনাস্থলেই পাঁচজন ভিক্ষুর মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজন মারা যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পর সড়কের পাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ভিক্ষুদের গেরুয়া বস্ত্র ও ব্যক্তিগত জিনিসপত্র। পিকআপটির সামনের অংশও দুমড়ে-মুচড়ে গেছে।

পুলিশের মেজর জেনারেল পাইরোজ থাইফুৎসা বলেন, শিশুটি কীভাবে গাড়ির নিয়ন্ত্রণ হারায় এবং পরবর্তী আইনি প্রক্রিয়া কী হবে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ফরেনসিক পরীক্ষার জন্য গাড়িটি জব্দ করা হয়েছে। পরে বিবিসি থাইকে তিনি জানান, শিশুটি বর্তমানে অভিভাবক, চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের তত্ত্বাবধানে রয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, সে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

মুকদাহান হাসপাতাল আহত ভিক্ষুদের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে রক্তদানের আহ্বান জানিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তিনজন ভিক্ষুর অবস্থা আশঙ্কাজনক। এছাড়া অন্তত পাঁচজন গুরুতর আহত এবং আরও কয়েকজন তুলনামূলক কম আঘাত নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় বেঁচে যাওয়া ভিক্ষু ফ্রা সোমপং বলেন, দুর্ঘটনার সময় তিনি ধ্যানের মন্ত্র জপ করছিলেন। হঠাৎ একটি পিকআপ দ্রুতগতিতে তাদের দিকে এগিয়ে এসে সজোরে ধাক্কা দেয়। তিনি ও আরেক ভিক্ষু দ্রুত সরে যাওয়ায় প্রাণে বেঁচে যান।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনার সময় শিশুটি অসুস্থ থাকায় স্কুলে যায়নি এবং বাড়িতে একাই ছিল। এ সুযোগে সে পরিবারের পিকআপটি নিয়ে বের হয়ে যায়। পরে গাড়িটি না পেয়ে তার অভিভাবকরা পুলিশকে বিষয়টি জানান।

মুকদাহান প্রদেশের গভর্নর ওয়ারায়ান বুননারাত বলেন, এই দুর্ঘটনা সড়ক নিরাপত্তা সম্পর্কে সবার জন্য একটি সতর্কবার্তা। বিশেষ করে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

থাইল্যান্ডে বৌদ্ধ ভিক্ষুরা সমাজে অত্যন্ত সম্মানিত। ধর্মীয় পদযাত্রা ও শোভাযাত্রা সেখানে নিয়মিত আয়োজন করা হয় এবং সাধারণ মানুষ ভিক্ষুদের খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী দান করে শ্রদ্ধা জানান।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *