গণকবর জিয়ারত এনসিপির জুলাই গণ-অভ্যুত্থানের কাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো পাইনি: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক:

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত মাসব্যাপী কর্মসূচির প্রথম দিনে রাজধানীর রায়েরবাজারে অভ্যুত্থানের শহীদদের গণকবর জিয়ারত করেছেন দলটির জ্যেষ্ঠ নেতারা। পরে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর হয়েছে। কিন্তু এই গণ–অভ্যুত্থানের কাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো পাওয়া যায়নি।

আজ বুধবার দুপুর পৌনে ১২টার দিকে রায়েরবাজার কবরস্থানে জুলাই গণ–অভ্যুত্থানের শহীদদের গণকবর জিয়ারত করতে যান এনসিপির নেতারা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন ছাড়াও দলের শীর্ষ পর্যায়ের নেতাসহ কয়েকজন দলীয় সংসদ সদস্য এ সময় উপস্থিত ছিলেন।

বৃষ্টিতে ভিজেই শহীদদের গণকবর জিয়ারত করেন এনসিপির নেতারা। পরে বৃষ্টির মধ্যেই সংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। বক্তব্যের শুরুতে তিনি জুলাই গণ–অভ্যুত্থানে অংশ নেওয়া সবাইকে স্মরণ করেন। তিনি বলেন, আজকের এই দিনে তাঁরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ফারহান ফাইয়াজ, লিয়াকতসহ ১ হাজার ৪০০ শহীদ এবং ৩০ হাজার আহত জুলাই যোদ্ধাকে। জুলাই গণ-অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজপথে নেমে আসা অগণিত ছাত্র-ছাত্রীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন। অভ্যুত্থানে নেমে আসা শ্রমিক ভাই-বোন, নারীসমাজ, শিক্ষক-সংস্কৃতিকর্মী, পেশাজীবী, অভিভাবক, আলেমসমাজ, আইনজীবী, সাংবাদিক ও পৃথিবীর বিভিন্ন প্রান্তে আন্দোলন করা প্রবাসী ভাই-বোনদের তাঁরা স্মরণ করছেন। সাবেক সেনা কর্মকর্তা ও সেনাবাহিনীর যেসব তরুণ কর্মকর্তা জুলাই গণ-অভ্যুত্থানে প্রত্যক্ষ-পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাঁরা তাঁদের স্মরণ করছেন। জুলাই গণ-অভ্যুথানে যাঁরা যেখানে, যেভাবে, যেখান থেকে অংশ নিয়েছেন, সহযোগিতা করেছেন, তাঁরা সবাইকে স্মরণ করছেন।

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর হয়েছে। আমরা জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে বলেছিলাম, জুলাই গণহত্যার বিচার ও সংস্কারের মাধ্যমে আমরা একটা বৈষম্যহীন, গণতান্ত্রিক নতুন বাংলাদেশ দেখতে চাই। সেই আকাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা এখনো পাইনি।’

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *