নিরাপদ সীমার চেয়ে ৮ লাখ টন বেশি খাদ্য মজুত রয়েছে : জাহেদ উর রহমান

নিজস্ব প্রতিবেদক :

দেশে বর্তমানে নিরাপদ সীমার চেয়ে প্রায় ৮ লাখ ৬০ হাজার টন বেশি খাদ্যশস্য মজুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘এ পর্যাপ্ত মজুত দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সম্ভাব্য যেকোনো খাদ্য সংকট মোকাবিলায় সরকারের সক্ষমতাকে আরও সুদৃঢ় করবে।

আজ মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের অগ্রগতি তুলে ধরে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।

ব্রিফিংয়ে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ উপস্থিত ছিলেন।

তথ্য উপদেষ্টা ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরেন।

ব্রিফিংয়ে ডা. জাহেদ উর রহমান জানান, দেশে বর্তমানে ২২ লাখ ১০ হাজার টন খাদ্যশস্য মজুত রয়েছে, যেখানে নিরাপদ মজুতের নির্ধারিত পরিমাণ ১৩ লাখ ৫০ হাজার টন। বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে ওএমএসের মাধ্যমে প্রতিদিন চাল ও আটা বিক্রি হচ্ছে। এ ছাড়া টিসিবির পণ্য যেন মানুষ লাইনে না দাঁড়িয়ে ভবিষ্যতে ঘরে বসেই পেতে পারে, সরকার সেই ব্যবস্থা করবে।

প্রধানমন্ত্রীর চীন সফর ও তিস্তা প্রকল্প বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হয়েছে। এ সময় বাণিজ্য, কৃষি ও গণমাধ্যম সহযোগিতাসহ আটটি সমঝোতা স্মারক ও তিনটি চুক্তি সই হয়েছে। বিশেষ করে ‘তিস্তা প্রকল্প’ বাস্তবায়নে চীন সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে। এ ছাড়া লিবিয়ার ডিটেনশন সেন্টারে বন্দি থাকা ৩৪২ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *