২৯ হাজার ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক:

দেশজুড়ে একযোগে ২৯ হাজার ৬২১টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে আজ সোমবার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে এ কর্মসূচির উদ্বোধন করবেন।

জলবায়ু পরিবর্তন বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে এবং পরিবেশ সংরক্ষণে অংশগ্রহণ নিশ্চিত করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) বাস্তবায়নাধীন লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রকল্পের আওতায় এ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিএনপির নির্বাচনী ইশতেহারে পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্য নির্ধারণ এবং প্রতিটি শিশুকে বৃক্ষরোপণে সম্পৃক্ত করতে ঘোষিত ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষাঙ্গনে এ বিশেষ সবুজায়ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় আগামী পাঁচ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রাঙ্গণে পাঁচ কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।

লেইস প্রকল্পের আওতায় এবার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি করে ফলদ, একটি বনজ ও একটি ঔষধি গাছ রোপণ করা হবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়, এক হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৯ হাজার ২৬৮টি মাদ্রাসা।

কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রতিবছর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে জলবায়ু সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে পাঁচ হাজার টাকা করে অনুদান দেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *