নিজস্ব প্রতিবেদক:
চাঁদা না দেওয়ায় রফিকুল ইসলাম মানিক (৪০) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ১০টার দিকে নগরীর গল্লামারী আইডিয়াল নার্সিং হোম ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
আহত ব্যবসায়ী রফিকুল ইসলাম মানিক নগরীর এম এ বারি সড়কের বাসিন্দা রুস্তুম মাঝির ছেলে।
খুলনার সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, গল্লামারী আইডিয়াল নার্সিং হোমের সামনে মানিকের ভাঙারি ব্যবসা রয়েছে। সম্প্রতি এক সন্ত্রাসী তার কাছে চাঁদা দাবি করেছিল। বিষয়টি তিনি পুলিশকে জানাননি। আজ রাতে মানিক দোকানের সামনে বসেছিলেন। দুই থেকে তিনজন অজ্ঞাতনামা ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মানিকের পেটের বাম পাশে গুলি লাগে।
তিনি জানান, ঘটনার পরপরই জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। ওই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা করা চলছে।