প্রতিবন্ধী শিশুদের সরকারি স্বাস্থ্যসেবায় অন্তর্ভুক্ত করতে বিশেষ প্রকল্প

নিজস্ব প্রতিবেদক :

দেশের গ্রাম ও শহরের সব প্রতিবন্ধী শিশুকে সরকারি স্বাস্থ্যসেবার আওতায় আনতে একটি সমন্বিত বিশেষ প্রকল্প চূড়ান্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী অর্থবছরের জাতীয় বাজেটে প্রতিবন্ধী জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা, প্রতিবন্ধিতা নিরূপণ ও তা কমিয়ে আনার জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

শনিবার সকালে রাজধানীর কড়াইল বস্তিতে ‘সিএসএফ সেন্টার’র সেবা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘প্রতিটি শিশুর সম্ভাবনার বিকাশে প্রতিবন্ধিতা নিরূপণ, পুনর্বাসন ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা’ এই প্রতিপাদ্য নিয়ে কেন্দ্রটির কার্যক্রম শুরু হয়।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে উপজেলা পর্যায়ে কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন প্রকল্পের মাধ্যমে শহর, নগর ও গ্রামাঞ্চলের প্রতিটি বিশেষ শিশুকে সরাসরি সরকারি স্বাস্থ্যসেবার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়, সমাজের পিছিয়ে থাকা মানুষকে সমান সুযোগ ও মর্যাদা নিশ্চিত করাই প্রকৃত উন্নয়ন। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত করতে সরকার নীতি, বাজেট ও সেবাব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনছে বলেও জানান তিনি।

ড. এম এ মুহিত বলেন, জন্মগত বা বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত শিশুরা যাতে অবহেলার শিকার না হয়, সেজন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবার পাশাপাশি তাদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতেও বিভিন্ন মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে।

অনুষ্ঠানে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয় সাধারণ বিদ্যালয়গুলোকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উপযোগী করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে, যাতে এসব শিশু অন্য শিক্ষার্থীদের সঙ্গে সমানভাবে পড়াশোনার সুযোগ পায়।

কড়াইল বস্তির সুবিধাবঞ্চিত শিশুদের প্রসঙ্গে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সেখানে পরিচালিত ‘শিশু স্বর্গ’ কর্মসূচি বছরজুড়ে চালু থাকবে। দেশের বিভিন্ন বিশেষায়িত হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসকেরা নিয়মিত সিএসএফ সেন্টারে এসে শিশুদের চিকিৎসাসেবা দেবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. জালাল উদ্দিন মুহাম্মদ রুমী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী এবং সিএসএফ সেন্টারের সাধারণ সম্পাদক আবু ঈসা মোহাম্মদ মঈন উদ্দিন।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *