কুমিল্লায় রেস্টুরেন্টে বাচ্চা রেখে চলে গেল বিদেশি পরিবার

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লায় মহাসড়কের পাশের একটি রেস্টুরেন্টে নাশতা করে দুই বছরের কন্যা শিশু ফেলে চলে গিয়েছে এক বিদেশি পরিবার।

শনিবার (২৭ জুন) সকালে জেলার সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকার জাইতুন রেস্তোরাঁয় সকালে নাশতা করার পর ভুলে শিশুসন্তান ফেলে গেছেন ওই ভিনদেশী পরিবার। শিশুটি তার নাম বলতে পারছে না।

এ বিষয়ে সদর দক্ষিণ থানায় অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী লুৎফুর রহমান রিপন। পুলিশ ওই পরিবারকে খুঁজে বের করার চেষ্টা করছে।

রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল সাড়ে আটটার দিকে ১৫ সদস্যের ওই বিদেশি পরিবার দুটি গাড়িতে এসে জাইতুন রেস্তোরাঁয় বসে নাশতা করেন। এ সময় তারা গল্প-আড্ডায় মেতেছিলেন। যাওয়ার সময় ভুলক্রমে দুই বছর বয়সি বাচ্চাটিকে রেস্টুরেন্টের ভেতর ফেলেই চলে যায় পরিবারটি।

জাইতুন রেস্তোরাঁর স্বত্বাধিকারী লুৎফুর রহমান রিপন বলেন, ‘আমরা এ বিষয়ে সদর দক্ষিণ থানায় অবহিত করেছি। বাচ্চাটি বর্তমানে আমাদের রেস্টুরেন্টে আছে। পরিবারটিকে ফিরে পেতে সবার সহযোগিতা চাইছি।‌ বাচ্চাটির বয়স আনুমানিক দুই বছর। সে কোনো কথা বলে না এবং নাম বলতে পারে না।

এ বিষয়ে সদর দক্ষিণ থানার ওসি রকিকুল ইসলাম বলেন, শিশুটিকে উদ্ধার করতে পুলিশ পাঠানো হয়েছে। আমরা শিশুটির পরিবারকে খুঁজে বের করার চেষ্টা করছি।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *