দুধ দিয়ে গোসল করে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা যুবকের

নিজস্ব প্রতিবেদক :

‎নিজ দলের নেতার বিরুদ্ধে ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এবং দীর্ঘদিন ধরে স্বজন হত্যার বিচার না পাওয়ার ক্ষোভে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের বাসিন্দা ও বিএনপি সমর্থক আব্দুল জলিল তোতা।

‎বৃহস্পতিবার (২৫ জুন) বোনারপাড়ায় নিজ বাড়িতে তিনি এই ব্যতিক্রমধর্মী প্রতীকী কর্মসূচি পালন করেন।

এ সময় উপস্থিত স্থানীয়দের সামনে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তার দাবি, একের পর এক স্বজন হারিয়েও ন্যায়বিচার না পাওয়ায় রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতি তার আস্থা ও বিশ্বাস সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল জলিল তোতা বিএনপির রাজনীতির সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। রাজনৈতিক বিভিন্ন কর্মসূচি ও দলীয় কার্যক্রমে তিনি অংশগ্রহণ করতেন। ২০২৬ সালের নির্বাচনে কাজী আজহার আলী সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিএনপি-সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোসহ নির্বাচনি বুথের দায়িত্বও পালন করেন তিনি।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার নিজ বাড়ির উঠানে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে দুধ দিয়ে গোসল করেন তোতা। পরে তিনি ঘোষণা দেন যে, ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকবেন না এবং একজন সাধারণ নাগরিক হিসেবে জীবনযাপন করবেন।

‎এ বিষয়ে আব্দুল জলিল তোতা বলেন, ২০১৮ সালের ৫ জুলাই আমার চাচাতো ভাই মুকুলকে প্রকাশ্যে হত্যা করা হয়েছিল। দীর্ঘ আট বছর পেরিয়ে গেলেও সেই হত্যার বিচার আজও পাইনি। এরপর গত ২১ জুন আমার মামাতো ভাই, বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারীকেও নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনার বিচার আদৌ হবে কিনা, তা নিয়েও আমি শঙ্কিত। একের পর এক স্বজন হারিয়ে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি।

‎তিনি বলেন, রাজনীতি মানুষের কল্যাণের জন্য হওয়ার কথা। কিন্তু এখন রাজনীতির কারণে মানুষ মানুষকে হত্যা করছে। বিচারহীনতার সংস্কৃতি আমাকে হতাশ করেছে। তাই আমি রাজনীতি থেকে নিজেকে সম্পূর্ণ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দুধ দিয়ে গোসলের মাধ্যমে সেই সিদ্ধান্তের প্রতীকী প্রকাশ করেছি।

‎তবে তার রাজনৈতিক পরিচয় নিয়ে ভিন্নমত প্রকাশ করেছে বিএনপি। এ বিষয়ে সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ বলেন, আব্দুল জলিল তোতা বিএনপির কোনো পদধারী নেতা বা কর্মী নন। তিনি দলের কোনো কমিটির সদস্যও নন। বর্তমানে বিএনপির কোনো সাংগঠনিক বা রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তার ব্যক্তিগত বক্তব্য, সিদ্ধান্ত কিংবা কর্মসূচির দায় বিএনপি বহন করে না।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *