গাংনী সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর প্রতিরোধ

নিজস্ব প্রতিবেদক :

মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে নারীসহ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর প্রতিরোধের মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।

আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার সহড়তলা সীমান্তের ১৪২ নম্বর আন্তর্জাতিক পিলারের ৫ ও ৬ এস সাব-পিলারের মধ্যবর্তী এলাকা দিয়ে ভারতের নদীয়া জেলার ব্রজনাথপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ওই সাতজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেন।

স্থানীয় সূত্র জানায়, বিজিবি ও গ্রামবাসীর অবস্থানের কারণে ঠেলে পাঠানো সাতজন বাংলাদেশে ঢুকতে পারেনি। বর্তমানে তারা ভারতের অভ্যন্তরে সীমান্তের কাঁটাতারের পাশে একটি বাঁশবাগানে অবস্থান করছেন।

সহড়তলা গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান হাবিব বলেন, সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়। তবে বিজিবি ও গ্রামবাসীর সতর্ক অবস্থানের কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি।

সহড়তলা বিজিবি ক্যাম্পের কমান্ডার আইউব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের চেষ্টা চলছে। ওই সাতজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে দেওয়া হয়েছে।

এর আগে চলতি মাসের ৬ জুন তেঁতুলবাড়ীয়া সীমান্তে এবং ১৯ জুন সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের খালপাড়া সীমান্ত এলাকায় চারজনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। সেসব ক্ষেত্রেও বিজিবি ও স্থানীয়দের কড়া অবস্থানের কারণে বিএসএফ তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *