পরিবারের পক্ষ থেকে সুখবর পেলেন মেসি

স্পোর্টস ডেক্স :

নকআউট পর্ব নিশ্চিতের পর আরও একটি সুখবর পেলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া তার বাবা হোর্হে মেসি অবশেষে চিকিৎসকের ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন। আর্জেন্টিনার বিখ্যাত সাংবাদিক ও উপস্থাপক অ্যাঞ্জেল দে ব্রিটো বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার ‘আমেরিকা টিভি’র জনপ্রিয় এলএএম অনুষ্ঠানে ব্রিটো জানান, হাসপাতাল থেকে রোসারিও শহরে নিজের বাড়িতে ফিরে গেছেন হোর্হে মেসি।

গত সপ্তাহে ৬৮ বছর বয়সি হোর্হে মেসিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল। পরবর্তীতে এই খবর সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন দাবি করে মেসির পরিবারের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়। সেই বিবৃতিতে জানানো হয়েছিল, হোর্হে চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধানে আছেন এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

সব আশঙ্কা উড়িয়ে অবশেষে পুরোপুরি সুস্থ হয়ে হোর্হে মেসি এখন পরিবারের সঙ্গেই রয়েছেন। বাবার এই সুস্থতার দিনে মাঠের পারফরম্যান্সেও দারুণ আলো ছড়াচ্ছেন পুত্র লিওনেল মেসি। চলতি বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার পর, অস্ট্রেলিয়ার বিপক্ষেও জোড়া গোলের দেখা পেয়েছেন এই মহাতারকা। চলতি বিশ্বমঞ্চে ইতোমধ্যে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে পাঁচে।

একই সঙ্গে এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ পর্বের বাধা টপকে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। মাঠের সেই সাফল্যের রেশ কাটার আগেই এবার পারিবারিক এই সুখবর পেলেন মেসি।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *