কোলন ক্যান্সারে কাছে হার মানলেন নৃত্য পরিচালক জাকির হোসেন

বিনোদন ডেক্স :

বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ, অভিনেতা ও নৃত্য পরিচালক জাকির হোসেন আর নেই। দীর্ঘদিন কোলন ক্যান্সারের সঙ্গে লড়াই করে মঙ্গলবার সকালে রাজধানীর মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সানি রহমান জাকির হোসেনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, গত শনিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মহাখালী ক্যান্সার হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে কোলন ক্যান্সারে ভুগছিলেন এই নৃত্য পরিচালক। উন্নত চিকিৎসার জন্য ভারতের বেঙ্গালুরুতেও চিকিৎসা নিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত প্রাণঘাতী এই রোগের কাছে হার মানতে হলো তাকে।

জাকির হোসেনের মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, শিল্পী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এবং শোক প্রকাশ করছেন।

দীর্ঘদিন ধরে দেশের চলচ্চিত্র শিল্পে নৃত্য পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন জাকির হোসেন। অসংখ্য জনপ্রিয় সিনেমায় নৃত্য নির্দেশনার মাধ্যমে তিনি নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন। শুধু নৃত্য পরিচালনাই নয়, অভিনয়শিল্পী হিসেবেও তিনি দর্শকদের কাছে পরিচিত ছিলেন। চলচ্চিত্র শিল্পী সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যাসন্তানের জনক। তার পাঁচ বছর বয়সী মেয়েকে রেখে চলে গেলেন এই গুণী শিল্পী।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *